মতবিরোধ ও কোন্দলকে কেন্দ্র করে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুব সংগঠন জাতীয় যুব শক্তির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ১০ নেতাকর্মী পদত্যাগ করেছে।
পদত্যাগকারীরা হলেন, যুব শক্তির বান্দরবান জেলা কমিটির যুগ্ন আহবায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্য সচিব দপ্তর মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সদস্য সচিব জুবায়েদ হোসাইন ইমরান, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) আব্দুল্লাহ আল হাসান, মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত, সংগঠক আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মোঃ সোহান, মোঃ সরোয়ার, মাহমুদুল হাসান অভি।
শনিবার রাতে পদত্যাগী নেতারা জানান, স্থানীয় ও জেলা পর্যায়ে নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ ও কোন্দল সংগঠনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট করছে। বারবার কেন্দ্র কে অবগত করার পরও সুনির্দিষ্ট ভাবে এসব সমস্যা সমাধান করতে ব্যর্থ হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তারা আরো জানায়, আমাদের নীতি, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা স্বেচ্ছায় জাতীয় যুব শক্তির পদ পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
যুব শক্তির বান্দরবান শাখার পদত্যাগী মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত বলেন, এনসিপির নতুন কমিটি হওয়ার পর আমাদের কোন কাজে সম্পৃক্ত করেনা, অবহেলা করে, তাই পদত্যাগ করেছি।
এদিকে যুব শক্তির বান্দরবান শাখার আহবায়ক সাদ্দাম হোসেন বলেন, আমি নেতাকর্মীদের পদত্যাগ পত্র হাতে পেয়েছি, কেন্দ্রকে তা পাঠিয়ে দিয়েছি।
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর জাতীয় যুব শক্তির ৪১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠিত হয়।



