ঘটনাটি সম্পূর্ণ বিকৃত ভাবে উপস্থাপন করেছে চেয়ারম্যান থানজামা লুসাই : বান্দরবান এনসিপি
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ (চেয়ারম্যান থানজামা লুসাই এর) ভাইরাল হয়, যেখানে তিনি ঘটনাটি সম্পূর্ণ বিকৃত ভাবে উপস্থাপন করেছেন। পাহাড়বার্তা’য় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বান্দরবান।
আজ শনিবার (২৮ জুন ২০২৫ ইং) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র বান্দরবান জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ও দপ্তর প্রধান আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বান্দরবান জেলা সমন্বয় কমিটির একটি প্রতিনিধি দল রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে বান্দরবান জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে আমরা জেলা পরিষদে কেউ যেন বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচয় অপব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে না পারেন-সে বিষয়ে শ্রদ্ধাভরে আহ্বান জানাই।
এছাড়াও, বিগত ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তির নিয়মিত আনাগোনা এবং তাদেরকে জেলা পরিষদে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।
চেয়ারম্যান মহোদয় তখন জানান, তিনি একটি কর্তৃপক্ষের অধীনস্থ এবং তাদের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি তিনি বলেন, বান্দরবানে কোনো বৈষম্যবিরোধী আন্দোলন হয়নি এবং তাকে এনসিপি বা বৈষম্যবিরোধী শক্তি দ্বারা দায়িত্বপ্রাপ্ত করা হয়নি।

এর প্রেক্ষিতে আমরা সম্মানজনক ভাবে তাকে স্মরণ করিয়ে দেই যে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের অগ্রণী ভূমিকার ফলেই আজকের এই রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।
তবে, আমাদের এই কথোপকথনের পরপরই চেয়ারম্যান মহোদয় রাগান্বিত হয়ে পড়েন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে তিনি ঘটনাটি সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাতে চাই “উক্ত অডিওতে বর্ণিত ঘটনার সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিত, পরস্পর যোগসাজশে ও পূর্বপরিকল্পিতভাবে রচিত একটি স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করা হয়েছে”। এই ধরনের অসত্য, বিভ্রান্তিকর ও ঘৃণ্য আচরণকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমরা আশা করি, ভবিষ্যতে রাজনৈতিক শিষ্টাচার ও দায়িত্বশীল আচরণ বজায় থাকবে।
বান্দরবান জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা সমন্বয় কমিটি হওয়ার পর গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এনসিপি নেতৃবৃন্দ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ‘থানজামা লুসাই’য়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এনসিপি নেতাদের উদ্দ্যেশ্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানে কোন জুলাই আন্দোলন হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক থানজামা লুসাই’কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ জন সদস্য নিয়ে পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়।



