বান্দরবানে কিশোর গ্যাং দমনে অবশেষে তৎপর পুলিশ

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর অবশেষে কিশোর গ্যাং দমনে তৎপরতা বেড়েছে পুলিশের।

গত রবিবার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় সচেতনতা কার্যক্রম চলাকালে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান রাত ১০টার মধ্যে সন্তানদের ঘরে ফেরার আহ্বান জানান।

মো. আবদুর রহমান বলেন, কিশোর গ্যাং বলতে যে অর্থে বুঝানো হয় বান্দরবানে সেই অর্থে বুঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে গড়ার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখা পড়ার চরম ক্ষতি হবে। অটো পাশের সম্ভবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাশ করতে হবে। তাদেরকে বুঝানোর আজ চেষ্টা করা হচ্ছে।

NewsDetails_03

তিনি আরো বলেন, বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। অন্যতায় রাত ১০ টার পর কোন কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।

অভিভাবকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দিয়েন না।নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন, রাত ১০টার মধ্যে যদি বাসায় না ফিরে তবে অবশ্যই থানায় যোগাযোগ করবেন। কেউ পার পাবে না বলে জানান তিনি।

গত ৭ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবান পৌর এলাকার জিপ-মাইক্রো স্টেন্ড এলাকায় দুই কিশোর গ্রুপের অর্ধ শতাধিক কিশোর দেশিয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় জেলা শহরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে পুলিশ ।

উল্লেখ্য, বান্দরবান শহরের জিপ-মাইক্রো স্টেন্ড এলাকা, নতুন ব্রিজ, বাজারের সাঙ্গু ব্রিজ, রুমা স্টেশন, কালেক্টর স্কুল সড়ক, ডনবক্স স্কুলের পেছনে পুকুর পাড়, রাজার মাঠ এলাকায় প্রতিনিয়ত মাদক সেবনসহ কিশোর গ্যাং এর উৎপাত দেখা যায়।

আরও পড়ুন