নাইক্ষ্যংছড়িতে ১১টি বার্মিজ গরু ও বিপুল পণ্যসামগ্রী জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশি বিভিন্ন পণ্যসামগ্রী ও মালিকবিহীন ১১টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

বিজিবি সূত্র জানায়, উপজেলার ফুলতলী, হাতিমারাঝিড়ি, লেম্বুছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, ছাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ফ্লোরম্যাট, ফিডসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য। পাশাপাশি মালিকবিহীন অবস্থায় ১১টি বার্মিজ গরুও জব্দ করা হয়।

NewsDetails_03

জব্দকৃত মালামাল ও গরুর সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার ফলে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান খুবই কার্যকর ভূমিকা রাখছে। এতে একদিকে যেমন রাষ্ট্রের রাজস্ব সুরক্ষিত হচ্ছে, অন্যদিকে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিও উন্নত হচ্ছে।

জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন