খাগড়াছড়ির গুইমারা রিজিওনের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে উপজেলার চৌধুরীঘাট এলাকায় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর পাশাপাশি চৌধুরীঘাট, ওয়াছু ও চরপাড়া এলাকার দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ।

সোমবার (৩ আগস্ট) আয়োজিত এই মানবিক কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
দুর্গম এই অঞ্চলের বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম প্রকৃত অর্থেই আশীর্বাদস্বরূপ।
এ প্রসঙ্গে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।


