দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চেয়ারম্যান দীপনের

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

আজ শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দীপন তালুকদার দীপু বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে রাঙামাটিতে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন এবং পূজা উদযাপন কমিটিগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

চেয়ারম্যান আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি রাঙামাটির মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য। এই সম্প্রীতি অটুট রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলার মঠ-মন্দির, পূজামণ্ডপ ও সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সচিব সান্টু চৌধুরী।

এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন