পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বান্দরবানে মতবিনিময় সভা
বান্দরবানের পর্যটন খাতকে আরো গতিশীল ও পর্যটক বান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বান্দরবানে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ছে। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পর্যটন সংশ্লিষ্ট প্রতিটি খাতকে আরো গতিশীল ও সেবামুখী হতে হবে। পর্যটনকেন্দ্র ও সড়ক গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যটন পরিবহন, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, টুরিস্ট গাইডসহ সংশ্লিষ্ট সব খাতের জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও খাবারের অস্বাভাবিক দাম নেওয়া থেকে বিরত থাকতে হবে।
বক্তারা আরো বলেন, সবার জন্য পর্যটন এমন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। পাহাড়ে ভ্রমণে আসা পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় পর্যটনকেন্দ্র গুলোতে নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের তথ্য ও নির্দেশনা সহজলভ্য করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন অর্থনীতির সঙ্গে আরো বেশি সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পাহাড়, ঝরনা, নদী ও বৈচির্ত্যময় সংস্কৃতির সমন্বয়ে বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি পর্যটকদের কাছে জেলার ইতিবাচক ভাবমূর্তি আরো তুলে ধরার ওপরও গুরুত্ব দেন অংশীজনরা।
এসময় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার রুবায়েত জামিল, পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরা মনি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্টরা।


