সেবা জোরদারে চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর

বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের অতি তীব্র অপুষ্টি (এসএএম) চিকিৎসাসেবা জোরদার ও মানোন্নয়নের লক্ষ্যে ২৬ ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডং।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমার কাছ থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।

আন্তর্জাতিক দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে তহ্জিংডং বাস্তবায়িত ‘পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য জরুরি ও প্রাণরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টি সেবা’ প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম দেওয়া হয়।

হস্তান্তরিত সামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের উচ্চতা ও দৈর্ঘ্য পরিমাপের বিশেষ বোর্ড, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণের জন্য বড় বৈদ্যুতিক শীতলীকরণ যন্ত্র, বিশেষ পুষ্টিকর খাবার তৈরির জন্য মিশ্রণযন্ত্র, বৈদ্যুতিক কেটলি, স্টেইনলেস স্টিলের পাত্র ও থালা-বাসনসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সঠিকভাবে শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করতে এসব সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরঞ্জামগুলো যথাযথভাবে ব্যবহার করে এসএএম ইউনিটের সেবার মান আরও উন্নত করা হবে। দুর্গম এলাকার অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষায় এ ধরনের সহযোগিতা থানচি উপজেলার দরিদ্র জনগৌষ্ঠিদের সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য জরুরি ও প্রাণরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবা সহজলভ্য করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। হস্তান্তর করা সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও পরিচর্যা আরও কার্যকর ও সুসংহত হবে।

হস্তান্তর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তহ্জিংডং এর বান্দরবান জেলার প্রকল্প সমন্বয়কারী এস এম জাফরুল্লাহ,হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল নিউট্রিশন স্পেশালিষ্ট ডা:ম্রায়ইপ্রু মারমা (পিংকি), লজিস্টিক এন্ড প্রকিউরম্যান্ট মো: সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন