প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নানা আয়োজন।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমা এই তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবকে প্রানবন্ত করতে ধর্মীয় কর্মসুচীর পাশাপাশি হ্যান্ডবল টুর্ণামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন, পিঠা তৈরি উৎসবসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন পরিষদ।

NewsDetails_03

তিনি আরো বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২১অক্টোবর এক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে এবং আগামী ২৪অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫অক্টোবর ভোরে ক্যামলং থেকে পুরাতন রাজবাড়ী মাঠ পর্যন্ত আয়োজন করা হবে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

২৬ অক্টোবর পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল রথযাত্রা। মঙ্গল রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়া খেয়াঘাটে সাংগু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে।
উৎসবের শেষ দিন ২৭অক্টোবর রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হবে। একই দিন বিভিন্ন পাড়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা, সাধারণ সম্পাদক উক্যসিং, নির্বাহী সম্পাদক কি কিউ মারমাসহ উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন