আগামীকাল বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) থেকে আবারো সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। বুধবার বিকেল ৪ টার দিকে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

NewsDetails_03

তার আগে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করা হলে প্রশাসনের আশ্বাসে দুই দফায় শিথিল করা হয়। উত্থাপিত দাবি বাস্তবায়ন না হওয়ায় আবার সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে তারা সাজেক পর্যটনে যারা ভ্রমণে রয়েছেন তাদেরকে আজকের মধ্যে সাজেক পর্যটন ত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন।

আরও পড়ুন