বান্দরবানে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রী’র

বান্দরবান পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

এসময় মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন