পর্দা উঠল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন শিপের
রাজস্থলীকে ২৫-১৫ পয়েন্টে হারিয়ে বিলাইছড়ির শুভ সূচনা
মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার মাঠে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বিলাইছড়ি উপজেলা দল। রাজস্থলীকে ২৫-১৫ পয়েন্টে হারিয়ে জয় দিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে তারা।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে কুমার সমিত রায় জিমনেশিয়ামে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও রাঙামাটি জজ কোর্টের বিজ্ঞ জি.পি. অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় প্রথম ম্যাচ। মুখোমুখি হয় বিলাইছড়ি উপজেলা ও রাজস্থলী উপজেলা দল। শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে বিলাইছড়ি। দ্রুত পয়েন্ট তুলে নিয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। রাজস্থলীর খেলোয়াড়রা পাল্টা আক্রমণ ও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বিলাইছড়ির দলগত সমন্বয়, ধারাবাহিক আক্রমণ ও কার্যকর রক্ষণে তা খুব একটা কাজে আসেনি।
শেষ পর্যন্ত ২৫-১৫ পয়েন্টের ব্যবধানে রাজস্থলীকে পরাজিত করে জয় তুলে নেয় বিলাইছড়ি। উদ্বোধনী ম্যাচের জয়েই টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি।
এবারের চ্যাম্পিয়নশিপে রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশ নিচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার তরুণ খেলোয়াড়দের একই মঞ্চে এনে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিরও সুযোগ সৃষ্টি হয়েছে এ আয়োজনের মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দলগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চার অন্যতম মাধ্যম। খেলাধুলার সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে তাদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে ক্রীড়াঙ্গনের এই সংযোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়াবে। একই সঙ্গে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করতেও এ আয়োজন ভূমিকা রাখবে।


