সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি, প্রতারক আটক
রামগড়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বড় ভাই পরিচয় দিয়ে খাগড়াছড়ির রামগড়ে ইউএনওর কাছে ১ লাখ টাকা চাওয়ার সময় এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম (৬০) কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার মিরপুরে থাকেন।
ইউএনও কাজী শামীম জানান, দুই দিন আগে ঐ ব্যক্তি নিজেকে এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে ফোন দেন। আজ সকালে তিনি রামগড়ে আছেন জানালে তাকে কার্যালয়ে ডাকা হয়। সেখানে এসে বদলির প্রসঙ্গ তুলে টাকার সংকট দেখিয়ে ১ লাখ টাকা ধার চান।
কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে যোগাযোগ করেন। সচিব তাকে চিনতে পারেননি। পরে জানা যায়, ওই ব্যক্তি রামগড়ে ওসির পরিচয় দিয়ে আবাসিক হোটেলে উঠেছিলেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমও তাকে চেনেন না বলে জানান।
ওসি বলেন, প্রতারণার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ইউএনওর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


