গত ৫ অক্টোবর একটি পর্যটকবাহী জীপ থানচি তিন্দুর অভ্যন্তরীণ সড়কের গভীর খাঁদে পড়ে ঘটনাস্থলে দুই পর্যটক নিহত ও ৫ পর্যটক আহত হওয়ার পর বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
বান্দরবান জেলার অভ্যন্তরীন সড়ক থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যানবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরীত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম অভ্যন্তরীন সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সড়কটি পুনরায় সংস্কার ও চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী হালকা, ভারী মোটরসাইকেল সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল বলেন, তিন্দু বাজারের সংযোগ সড়কটির সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, কাজ চলমান রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ থাকায় কিছু দিন আগেই দুই পর্যটক মারা যায়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



