কাপ্তাইয়ে সিসি ক্যামেরার আওতায় সব মণ্ডপ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলার ৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। সব মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার ৯টি পূজামণ্ডপে পুলিশ এবং পুরুষ ও নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা প্রয়োজন।

NewsDetails_03

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল এবং চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর বলেন, গত বছর উপজেলায় আটটি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছিল। এ বছর মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে।

আরও পড়ুন