পাহাড়ের উন্নয়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: মন্ত্রী সাচিং প্রু জেরী
পাহাড়ের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অপচয় বন্ধ করে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। তিনি বলেন, অতীতে অনেক প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন চায়। উন্নয়নের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী কাপ্তাই লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে কাপ্তাই লেক পাহাড়ের অর্থনীতি ও পর্যটনের অন্যতম সম্পদ হয়ে উঠবে।
পার্বত্য অঞ্চলের পর্যটন বিকাশে রাঙামাটি, বান্দরবানের থানচি-লামা এবং কক্সবাজার-টেকনাফকে যুক্ত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। পাশাপাশি তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, বোর্ডটিকে তার প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে ফিরিয়ে আনা হবে।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।


