বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমা (৬১)কে অস্ত্রধারী একটি দল অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, অস্ত্রধারীরা প্রথমে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে খোঁজেন। পরে পাশের চায়ের দোকানে দেখতে পেয়ে অস্ত্রের মুখে নৌকায় তুলে নিয়ে যায়। এসময় তাঁর (উ নু থোয়াই) একটি মুঠোফোনও নিয়ে যায়।
কোন সশস্ত্র দল বা কী কারণে প্রধান শিক্ষককে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা।
চাই অং প্রু মারমার পারিবারিক সূত্র জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর তিনি তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। এদিকে ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন, দুপুর ১২টা দিকে একটি সশস্ত্র সন্ত্রাসী দল নাইদারি পাড়া স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে নৌকা যোগে সাঙ্গু নদী পথে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়।
তিনি আরো বলেন, শিক্ষককে উদ্ধার অভিযান শুরু হয়েছে, স্থানীয়রা জানিয়েছে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিনদুপুরে শিক্ষককে অপহরণ করার ঘটনায় উপজেলাটির দূর্গম এলাকায় কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।


