সরকার পার্বত্যবাসীর জন্য খুবই আন্তরিক : পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি সেতু ও আরসিসি সড়কের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এসময় কুহালং ইউনিয়নের ক্রাউ আমতলী পাড়া সেতু এবং ডলুপাড়া আরসিসি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, ‘বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রের অগ্রগতি প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারিতে রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত এবং প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


