থানচিতে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিহার বিন্দু চাকমা ও চিকন্যা চাকমা বলেন, আগুনের খবর পেয়ে দোকানে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

তাঁদের ধারণা, কোনো একটি দোকানে ফ্রিজ চালু থাকা অথবা গ্যাসের চুলা অতিরিক্ত গরম হয়ে ত্রুটি কিংবা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন