সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু আটক
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির আওতাধীন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপির টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬-আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান নেয়।
পরে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ২ জন চোরাকারবারীকে ৬টি ভারতীয় গরুসহ ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায় টহলদল। এ সময় বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো ফেলে রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৬টি গরু আটক করা হয়। আটককৃত গরুর সিজার মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করছে।


