বান্দরবানে ৩০ হাজার ইয়াবা, বিলাসবহুল গাড়িসহ চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় থেকে বিপুল পরিমান ইয়াবা, বিলাসবহুল গাড়িসহ চালককে আটক করছে বান্দরবানের গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম। এসময় একটি প্রাইভেট কার তল্লাশি করে কারের সিটের নিচে লুকায়িত থাকা অবস্থায় ১৩টি প্যাকেটে মোট ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশের সদস্যরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাইভেট কারের চালক কুমিল্লার বাসিন্দা জাকির হোসেনকে আটক করে পুলিশ।

প্রাইভেট কারের চালক কুমিল্লার বাসিন্দা জাকির হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে আমি রওনা দিয়েছি এবং কেরানীহাটে কার থেকে একজন যাত্রী নেমে যায়। পরবর্তীতে বান্দরবানে আসার পর কারে থাকা আরো ২জন নেমে যায়। পরবর্তীতে পুলিশ আমাকে আটক করে, কার থেকে ইয়াবা উদ্ধার হয়েছে।

তিনি আরো বলেন, মাত্র কয়েকদিন হলো প্রাইভেট কারটি আমি চালানো শুরু করেছি।

পুলিশের তথ্যমতে জানা যায়, প্রাইভেট কারটি করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বান্দরবান শহরে প্রবেশ করা হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম কার থেকে ইয়াবার ১৩টি প্যাকেটে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে, এই ঘটনায় আরো জড়িতদের আটক করতে কাজ শুরু করে।

বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে ইয়াবা ও বিলাসবহুল গাড়িসহ চালককে আটক করছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায় ইয়াবার বড় চালান প্রতিনিয়ত উদ্ধার হলেও বান্দরবান শহরে এই প্রথম ইয়াবার বড় চালান উদ্ধারের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন