বান্দরবানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
সনাতনী সম্প্রদায়ের ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে।
জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আজ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বান্দরবান রাজারমাঠে শুরু হয় মহানামযজ্ঞ।
পরে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সকাল ১১টায় বান্দরবান রাজারমাঠ থেকে শুরু হয় এক মহাশোভাযাত্রা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ বান্দরবানের বিভিন্ন মন্দিরের সভাপতি,সাধারণ সম্পাদক এবং সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মহাশোভাযাত্রাটি রাজারমাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উৎসব প্রাঙ্গনে গিয়ে সমবেত হয়। এসময় সনাতন ধর্মালম্বী বিভিন্ন শিশু কিশোরসহ বিভিন্ন বয়সী যুবক-যুবতীরা নানা দেব-দেবীর প্রতিকৃতি সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেয়।
আগামীকাল ৫ সেপ্টেম্বর (শনিবার) ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।


