রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ির প্রবীণ মুরুব্বি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৯১) মারা গেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল মান্নান ১৯৩৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বরইছড়ি এলাকায় একজন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি।
রোববার বিকেল ৪টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৫টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সেখানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে বরইছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর মৃত্যুতে তাঁরা একজন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছেন।


