খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে মাটিরাঙ্গা সনাতনী সুশীল সমাজ ও যুবসমাজের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা উদযাপন, সনাতনী সমাজের ঐক্য এবং আগামী দিনের বিভিন্ন কার্যক্রমকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার সনাতনী সুশীল সমাজের প্রতিনিধি ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে আসন্ন দুর্গাপূজা উদযাপন পর্ষদ গঠন, পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পরিকল্পনাসহ সনাতনী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট মন্দির কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন শ্রী ছোটন চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী মিঠুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব বণিক এবং কোষাধ্যক্ষ শ্রী অভি দাশ। এ ছাড়া গঠন করা হয় ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি।
বক্তারা বলেন, সনাতনী সমাজের বৃহত্তর স্বার্থে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন শ্রী টুনটু বণিক এবং সঞ্চালনা করেন শ্রী মিঠুন দেবনাথ।
নবগঠিত এই কমিটি মাটিরাঙ্গার সনাতনী সমাজের ঐক্য সুদৃঢ়করণ, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং আসন্ন দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।


