দুদকের মামলায় কারাগারে বান্দরবান সদর উপজেলার পিআইও বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-০৪, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ মিল্টন দস্তিদারকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে গত ২৩ জুলাই তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।

এ অবস্থায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না এবং অন্য কোনো পদেও যোগ দিতে পারবেন না।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি বলেন, দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে। সে অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তার কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার স্থলে নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, মিল্টন দস্তিদার বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন