বান্দরবানের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম,চিকিৎসা উপকরণের অপ্রতুলতা এবং হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা পাওয়াসহ মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলার ছাত্র-জনতার আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বান্দরবানের স্বাস্থ্য খাত নিয়ে হতাশা ব্যক্ত করেন এবং বলেন, বান্দরবানের স্বাস্থ্যখাতে চরম দুনীর্তি আর অনিয়মে ভরে গেছে। স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বর্তমানে বান্দরবানের বিভিন্ন উপজেলায় হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর অনেকে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

এসময় বক্তারা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্য বিভাগের চরম অবনতি হচ্ছে মন্তব্য করে দ্রুত সময়ে পার্বত্য জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত করা এবং পার্বত্য এলাকার জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে আরো সুনজর দেয়ার আহবান জানান।
এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সদর হাসপাতালসহ সকল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মানসম্মত ও অত্যাধুনিকায়ন, ডাক্তার ও নার্সদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনমসহ সকল প্রকার ভ্যাকসিন ও ওষুধপত্র মজুদ নিশ্চিত করা, প্রয়োজনে নৌ এ্যাম্বুলেন্স ব্যবস্থা গ্রহণ করা, বেসরকারি হাসপাতালগুলোতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে ও মানসম্মত চিকিৎসা সুনিশ্চিত করতে তদারকি বাড়ানো, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমআরআই মেশিন, সিসিউ, আইসিউ স্থাপনের দ্রæত উদ্যোগ নেয়া, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে জেলার স্বাস্থ্য বিভাগের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ৬টি দাবি পেশ করেন।
শৈনাং খুমি এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, থোয়াইঅং মার্মা,সারাউ খেয়াং,নেলশন ত্রিপুরা,মেসাই মার্মাসহ বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ চাক স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও নেতৃবৃন্দরা।


