বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে সংবাদ সম্মেলন
সারাদেশের মত পার্বত্য জেলা বান্দরবানেও আগামী ২মে থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।
এরই ধারাবাহিকতায় এই আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করা এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে বান্দরবানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর বিস্তারিত তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি পরিচালিত হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এটি শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্ব এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধিতে সহায়তা করবে।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, আগামী ২মে থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলার ৭টি উপজেলা ও বান্দরবান পৌরসভা থেকে আগত খোলোয়াড়রা ফুটবল প্রতিযোগিতা, টি-টেন ক্রিকেট প্রতিযোগিতা, কাবাডি প্রতিযোগিতা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, মার্শাল আর্ট (কারাতে উন্মু/তাইকোয়ানডো/জুডো) প্রতিযোগিতা ও সাতার প্রতিযোগিতায় অংশ নেবে। ৮টি ইভেন্টে প্রতি উপজেলা থেকে ১৪৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে।
এসময় তিনি আরো বলেন, জেলা পর্যায় শেষে বান্দরবান জেলা দল চট্টগ্রাম অঞ্চলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চট্টগ্রাম অঞ্চল যারা ভালো করবে তারা চট্টগ্রাম অঞ্চল দলে খেলার সুযোগ পাবে এবং পরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ে যারা ভালো করবে তাদের দীর্ঘ মেয়াদী আবাসিক প্রশিক্ষণ, ক্রীড়াবৃত্তি, ক্রীড়া ভাতা, বিকেএসপিতে ভর্তির সুযোগ পাবে। ২মে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন করবেন। একই সময়ে বাংলাদেশের সকল জেলায় উদ্বোধন হবে। বান্দরবান জেলা পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু।
২মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১০মে পর্যন্ত।
এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মো আবু তালেব, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



