আবারো শুরু হতে যাচ্ছে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি-২০২৫”। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত এ প্রতিযোগিতায় আপনার শিশু-কিশোরদের অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে। বহুল প্রত্যাশিত ও জননন্দিত এ প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভাকে জাতীয় মঞ্চে বা জাতীয় পর্যায়ে তুলে আনা হবে।
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান এর সভাপতিত্বে ২১ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে “নতুন কুড়ি-২০২৫” প্রতিযোগিতার প্রচার-প্রচারণা বিষয়ক অনুষ্ঠিত সভায় এ জাতীয় প্রতিযোগিতায় বান্দরবান জেলার শিশু-কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেকহোল্ডারের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় প্রতিভা অন্বেষণমূলক এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম, বাংলাদেশ বেতার ও তথ্য অফিসের মত প্রচারধর্মী প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এসময় জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাচিং মার্মা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও জেলা শিল্পকলা একাডেমী, বান্দরবানের প্রতিনিধি এম. এ.মোমেন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসার মিজানুর রহমান “নতুন কুড়ি” প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ৬-১১ বছরের নিম্নে শিশুরা ‘ক’ গ্রুপে এবং ১১-১৫ বছর পর্যন্ত কিশোর-কিশোরীরা ‘খ’ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ৩টি বিভাগের অধীনে ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অভিনয় বিভাগে রয়েছে-অভিনয়, আবৃত্তি ও গল্প বলা বা কৌতুক; নৃত্য বিভাগে রয়েছে- সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য; সংগীত বিভাগে রয়েছে-দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও হামদ-নাত। ১৯ টি অঞ্চলে ভাগ করা আঞ্চলিক (প্রাথমিক) বাছাই হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ এবং বিভাগীয় বাছাই (৮ টি বিভাগ) হবে ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫। চূড়ান্ত বাছাই হবে ০২ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৫ এবং সেরা দশ বাছাই হবে ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৫। সেরা দশ প্রতিযোগী নিয়ে গ্রুমিং আয়োজন হবে ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫। গ্রুমিং শেষে সর্বশেষ ফাইনাল অনুষ্ঠিত হবে ০২ নভেম্বর থেকে ০৬ নভেম্বর ২০২৫।

আবেদন বা রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
১. অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফরমে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন।
২. আবেদন ফরম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।
৩. এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে Google Form পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।
৪. একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ টি বিষয়ে আবেদন করতে পারবে।
৫. আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্মসনদ, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ই-মেইল[email protected] অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ‘নতুন কুঁড়ি’, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।
৬. আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক [email protected] ই-মেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে কিংবা Google Form এ নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
(মিজানুর রহমান)
তথ্য অফিসার (রুটিন দায়িত্ব)
জেলা তথ্য অফিস, বান্দরবান
ফোন: ০২-৩৩৭৭১০১১৩
ইমেইল: [email protected]



