“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা
শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, জেন্ডার অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন অফিসার এলি ত্রিপুরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন হেলালসহ অন্যান্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, নারীরা এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই নারীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
ইউএনডিপির অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবসটি পালন করা হয়। প্রকল্পের একটি দল এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা মাটিরাঙ্গা উপজেলার ১০৪টি বিদ্যালয় নিয়ে কাজ করছে এবং নারী ও মেয়েশিশুরা যেন শিক্ষার ঝরে না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম,বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন



