বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারণ করে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ২৫) রোয়াংছড়ি কলেজ মাঠে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর তরুণ সদস্য নাংফ্রা খুমী।
রোয়াংছড়ি উপজেলা তারুণ্যের মেলা আয়োজন কমিটি আহ্বায়ক ও রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিনলং বুইতিং, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাংফ্রা খুমী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি সবাইকে ধারণ করতে হবে। আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতি বিরোধী, ফ্যাসিস্ট মুক্ত সোনার বাংলা গড়তে হবে। নতুন বাংলাদেশে তরুণদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার প্রস্তুতি নিতে হবে।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি তারুণ্যর মেলায় প্রদর্শিত স্টল পরিদর্শন করেন । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রোয়াংছড়ি কলেজ, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা ও বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ মেলায় অংশ নেয়।
আগামী সোমবার তিনদিনব্যাপী এ মেলার সমাপ্তি হবে বলে জানিয়েছেন আয়োজকরা ।



