রাঙামাটির লংগদু উপজেলায় ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শামীম (পিতা: মানিক) এবং স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী মোরশেদ (পিতা: খোরশেদ)। এ সময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ রয়েছে। একই সঙ্গে মোরশেদের ফার্মেসিকে কেন্দ্র করে মাদক লেনদেনের কথাও এলাকাবাসীর মধ্যে প্রচলিত রয়েছে। অভিযোগ রয়েছে, দোকানের সিসিটিভি ক্যামেরা আড়াল করে সেখানে গোপনে মাদক বেচাকেনা চলতো।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, বিজিবি কর্তৃক আটক দুইজনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আটক শামীম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল।



