বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্বাচন ৭ই আগষ্ট
অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৭ই আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের নির্বাচন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাকক্ষে নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষনাকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অর্পন কুমার দাশ এই ঘোষনা প্রদান করেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার অর্পন কুমার দাশ বলেন, আগামী ২৫জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত এবারের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ২৭জুলাই মনোনয়ন ফরম জমাদান। ২৮ জুলাই যাচাই বাছাই, ২৯ জুলাই খসড়া তালিকা প্রকাশ, ৩০ জুলাই বাতিলকৃতদের আপিল আবেদন গ্রহণ, ৩১ জুলাই আপিল শুনানি, ১ আগস্ট আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ, ১ আগস্ট বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২আগস্ট মনোনয়ন প্রত্যাহার এবং ৭ আগষ্ট সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের মহামায়া হলরুমে ভোট গ্রহণ ও বিকেলে ফলাফল ঘোষনা।

প্রধান নির্বাচন কমিশনার অর্পন কুমার দাশ জানান, এবারের নির্বাচনে মূলত তিনটি প্রধান পদের জন্য অনুষ্ঠিত হবে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনা সহজ করতে ৩টি পদের জন্য ৩টি সম্পূর্ণ আলাদা রঙের (ত্রিবর্ণ) ব্যালট পেপার ব্যবহার করা হবে। সর্বক্ষেত্রে “ না ভোট ” (আস্থার পরীক্ষা) কোনো পদে একক প্রার্থী থাকুক কিংবা একাধিক প্রার্থী থাকুক-ব্যালট পেপারে বাধ্যতামূলকভাবে একটি “ না ভোট ”এর ঘর থাকবে। বিজয়ী হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই প্রাপ্ত “ না ভোট ” এর চেয়ে বেশি ভোট পেতে হবে। প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে “ না ভোট ” বেশি পড়লে ওই পদের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। ভোটগ্রহণের দিন প্রতিটি ভোটারকে মন্দির কমিটি কর্তৃক প্রদত্ত মূল আইডি কার্ড অবশ্যই সাথে আনতে হবে, আইডি ছাড়া কোনো অবস্থাতেই ব্যালট পেপার ইস্যু করা হবে না। ভোটের গোপনীয়তা শতভাগ রক্ষা করতে গোপন বুথের ভেতর কোনো প্রকার মোবাইল ফোন, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রধান নির্বাচন কমিশনার অর্পন কুমার দাশ আরো জানান, নির্বাচনী আচরণবিধির যেকোনো একটি ধারা লঙ্ঘন করলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন তাৎক্ষণিক বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখে এবং নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তই চূড়ান্ত।
একটি সুন্দর গ্রহণযোগ্য ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতির সার্বিক উন্নতি প্রত্যাশা করেন।


