টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ এবং ভাটির পানি ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির স্তর, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে স্পিলওয়ের গেট আরও খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।
তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক রয়েছে এবং হ্রদের পানির স্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণফুলী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


