সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা’র সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে বান্দরবান শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ এপ্রিল (শনিবার) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,বান্দরবান জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান শাখার সহ-সভাপতি নুরুল আলম, আহবায়ক কমিটির সদস্য আবদুস শুক্কুর, সদস্য মোঃ রুহুল আমিনসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা সেনাবাহিনী ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছে যা অত্যন্ত নিন্দনীয়।
এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশের ভাবমুক্তি নষ্ট করে এমন দেশদ্রোহী আচরণ দেশের সাধারণ জনগণ মেনে নেবে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে নানাভাবে অশান্তি সৃষ্টি করছে মন্তব্য করে বক্তরা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, পার্বত্য শান্তি চুক্তির নামে যে কালো চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। পাহাড়ে বসবাসরত সকলের সমমর্যাদা আর সহঅবস্থান নিশ্চিত করতে অবিলম্বে পার্বত্য এলাকার অবিলম্বে ২৪৬টি সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করা, নতুন বিগ্রেড স্থাপন আর সন্ত্রাসীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়ে পুনরায় শান্তি ফেরানোর জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।



