আলীকদমে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে চাংমুম ম্রো (৮) নামে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার প্রেন্নই শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিচালক উথোয়াইংগ্য মার্মা বিষয়টি নিশ্চিত করেন।

মৃত, চাংমুম ম্রো (৮), রুইতন পাড়া, ৯ নম্বর ওয়ার্ড এলাকার পাসং ম্রোর মেয়ে। ও আলীকদম কুরুকপাতা ইয়াংরিং মাংক্রাত পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

উথোয়াইংগ্য মার্মা বলেন, কয়েক সপ্তাহ আগে হোস্টেলের দুই এক জন ছাত্র-ছাত্রীর শরীরে ঘামাচি আকারের লাল লাল চিহ্ন দেখা দেয়, সাথে প্রচন্ড জ্বর। ক্রমে এই উপসর্গে হোস্টেলের ৭০-৮০ জন ছাত্র-ছাত্রী আক্রান্ত হয়। এর ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের নিজ পরিবারের কাছে পাঠানো হয়েছিল। যে কয়েকজন সুস্থ ছাত্র-ছাত্রী ছিল তার মধ্যে চাংমুম ম্রো (৮) আক্রান্ত হওয়ার দিন রাতে প্রচন্ড জ্বরে ছটফট করলে তাকে হাসপাতালে নিতে কাঁধে করে ৭ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে দড়ি পাড়া এলাকায় আনা হয়। সেখানে গাড়ি না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যায়।

NewsDetails_03

তিনি আরও জানান, হোস্টেলটিতে থাকা এই রোগে আক্রান্ত বেশ কয়েকজন শিশু আলীকদম ও লামা হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও এই উপসর্গ গুলো হাম রোগের বলে ডাক্তাররা জানিয়েছেন বলে জানান তিনি।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো.হাসান বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭ জন রোগী ভর্তী রয়েছে। চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তী হয়েছিলেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজনকে রেফার করা হয়েছিল। এবং এই রোগে আক্রান্ত আরও রুগী হাসপাতালে আসছে বলে জানান তিনি।

এর আগে কুরুক পাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ড রিংলত পাড়া এলাকায় জং রুং ম্রো (৩ মাস) ও খতং ম্রো (৭ মাস) নামে দুই শিশু এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন