রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, “সকল ভয়-ভীতি উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটি নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দেবেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য প্রস্তুত রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রাকিব পিপিএম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম এবং রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহামুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ মোট ৩৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


