ডিবিসি টেলিভিশনে মিথ্যা সংবাদ ও ধর্মীয় উস্কানির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে উন্নয়ন বোর্ড এলাকার বাসিন্দারা। আজ সোমবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল ওহাব পাটোয়ারী, জয়নাল আবেদীন ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালেক। বক্তারা বলেন, ১৯৯৯ সালে পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত একটি ফোরকানিয়া মাদ্রাসা ২০১৭ সালে শ্রমিক লীগ নেতা ভাসানী অবৈধভাবে দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন। সম্প্রতি এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসাটি দখলমুক্ত করে পুনরায় পাঠদান চালু করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সঠিক প্রতিবেদন প্রচার করলেও ডিবিসি টেলিভিশন উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন তথ্য উপস্থাপন করেছে, যেখানে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়। একইসঙ্গে ডিবিসির ফেসবুক পেজে বিতর্কিত ফটোকার্ড প্রকাশ করায় ধর্মপ্রাণ মুসলিম জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে টেলিভিশন থেকে বরখাস্ত করার দাবি জানান।

আরও পড়ুন