থানচিতে ব্যাংক ডাকাতি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর

বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সহযোগী সন্দেহে গ্রেপ্তার করা ৩জন আসামি ও ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার জীপ চালকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (১৩ মে) দুপুর ১টায় থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় কেএনএফের ৩ আসামী ও ১ জীপ চালককে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তদন্তের অগ্রগতির জন্য আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির থানচি থানার ২নং মামলায় টাইসন বম ও ভান লিয়ান বমকে ২দিন এবং ৩নং মামলায় আরো দুইদিন রিমান্ডের আদেশ দেন। একই সাথে থানচি থানার ৩নং মামলায় গ্রেফতারকৃত আসামী ভান লাল বয় বমকে ২দিন এবং জীপ চালক কপিল উদ্দিন সাগরকে ১দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন। পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

NewsDetails_03

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, চার আসামীকে আদালতে তোলা হলে আদালত ৪ আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য : গত ৩ এপ্রিল দুপুরে জেলার থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি মামলা দায়ের হয়েছে। কেএনএফ বিরোধী যৌথ অভিযানে এই পর্যন্ত ৮৫জন কেএনএফ এর সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন