বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তি হলেন, ঢাকা জেলার ডেমরা থানার সারুরিয়া এর রসুলনগর গ্রামের মফিজুর ইসলামের সন্তান মোঃ ইকবাল হোসাইন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল নাফাখুম পর্যটন কেন্দ্র ভ্রমনে যায়। এসময় তারা খুমে গোসল করতে নামলে মোঃ ইকবাল হোসাইন নিখোঁজ হন। নাফাখুম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ১৫ নভেম্বর শনিবার সকালে ৫ জন পর্যটক থানচি সদরে পৌঁছলে বিষয়টি থানা ও প্রশাসনকে অবহিত করা করে। পরে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ে উদ্ধারকারী দল থানচি হতে নাফাখুম রওনা দিয়েছে।

থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশেদুর রহমান মৃধা বলেন, নাফাখুম পর্যটন কেন্দ্রের রেমাক্রী খালের পানির প্রবাহ বেশী, তাই চট্টগ্রাম থেকে দুইজন ডুবুরি পৌছলে আমরা দুইটি ইউনিট রওনা দেবো।
এই বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, প্রশাসনিকভাবে নাফাখুমে পর্যটক যাতায়াত নিষিদ্ধ রয়েছে। কিভাবে সেখানে পর্যটকরা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, গতকাল শুক্রবার আলীকদম থানচি সড়ক হতে তিন্দু গ্রোপিং পাড়া থেকে ১৭ জনের একটি দল নিষেধাজ্ঞা অমান্য করে ও প্রশাসনের তথ্য কেন্দ্রে নিবন্ধন না করে নাফাখুমের জলপ্রপাতে গিয়েছে। সেখানে এ দুর্ঘটনা ঘটেছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার প্রক্রিয়া চলছে।



