বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযানে ৮০ জন কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে রাত এগারটা পর্যন্ত চলমান অভিযানে জেলা শহরের মেম্বার পাড়া, রাজার মাঠ, আর্মিপাড়া, রেস্ট হাউস, উজানী পাড়া সমিল এলাকা, ৩ নম্বার এলাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা সদরে মোট ৪৫ জন, অন্যদিকে লামা থানায় ১৩ জন, আলীকদম থানায় ১৯ জন ও নাইক্ষ্যংছড়ি থানায় ৩ জনকে আটক করা হয়েছে।
বান্দরবান সদরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়, অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি সহ সাধারণ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার জানান, বান্দরবানে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান সামনে অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, আটককৃতদের যাচাই চলছে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং যারা নিরপরাধ তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
বান্দরবানে বিভিন্ন এলাকায় সম্প্রতিকালে চুরি,মাদকের ব্যবহার ও কিশোরদের ভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এদিকে স্থানীয়রা কিশোর অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে এই অভিযান অব্যাহত থাকা উচিত বলে মনে করছে অভিবাবকসহ স্থানীয়রা।


