দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের মতো বান্দরবানেও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।
শনিবার (৯ মে) দুপুরে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় এবং দীর্ঘ লাফ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বালকদের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন লামা উপজেলা দলের আশরাফুল নাইম এবং দ্বিতীয় হন একই উপজেলার সাজ্জাদুল ইসলাম। ২০০ মিটার দৌড়ে প্রথম হন লামা উপজেলা দলের নোবেল চাকমা এবং দ্বিতীয় স্থান লাভ করেন সাজ্জাদুল ইসলাম। দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রথম হন লামা উপজেলার আশরাফুল নাঈম সোহাগ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রুমা উপজেলা দলের অভিশয় ত্রিপুরা।

অন্যদিকে বালিকাদের ১০০ মিটার দৌড়ে প্রথম হন লামা উপজেলা দলের ডমেসিং মার্মা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রোয়াংছড়ি উপজেলার নুখিং উ মার্মা। ২০০ মিটার দৌড়ে প্রথম হন ডমেসিং মার্মা এবং দ্বিতীয় হন রোয়াংছড়ি উপজেলার সূচনা দেবী তংচঙ্গ্যা। দীর্ঘ লাফে প্রথম স্থান লাভ করেন বান্দরবান সদর উপজেলার আনেন ত্রিপুরা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন সূচনা দেবী তংচঙ্গ্যা।
প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২ মে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ বান্দরবান পৌরসভা ও জেলার সাত উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে। মোট আটটি ইভেন্ট নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১০ মে।



