রাঙামাটিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরের চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টু। বিশেষ অতিথি ছিলেন সাবেক খেলোয়াড় বরুণ বিকাশ দেওয়ান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মকসুদুর রহমান।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরিতেও সহায়ক। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদও ব্যক্ত করেন তারা।
মাসব্যাপী এ প্রশিক্ষণে রাঙামাটি সদর উপজেলার ১০টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রীতি ভূষণ দেওয়ান ও মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় ক্রীড়া সংগঠক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



