রাঙামাটিতে চার প্রার্থী মুখোমুখি, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজের প্রতিশ্রুতি
রাঙামাটি–২৯৯ আসনের ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন নির্বাচনী প্রার্থীরা। তারা নির্বাচিত হোক বা না হোক, দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার এবং পার্বত্য এলাকার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটাররা প্রার্থীদের পরিকল্পনা শুনেছেন এবং সরাসরি প্রশ্নের সুযোগ পেয়েছেন।

সাত প্রতিদ্বন্দ্বীর মধ্যে এদিন চারজন উপস্থিত ছিলেন: বিএনপি প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারী প্রার্থী জুঁই চাকমা, গণ অধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার বাদশা এবং জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি দীননাথ তংচংগ্যা, এবং স্বাগত বক্তব্য দেন সম্পাদক এম জিসান বখতেয়ার। রাঙামাটির বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অনুষ্ঠানটি উপভোগ করেন।



