রাঙামাটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে বিদ্যমান কোটা প্রথা বাতিল করে সারাদেশের ন্যায় ৭ শতাংশ সার্বজনীন কোটা বহাল করার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য’। আজ সোমবার (১৭ নভেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে এ আলটিমেটাম দেওয়া হয়।
সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, দেশব্যাপী কোটা সংস্কারের পরও পার্বত্য জেলার হস্তান্তরিত বিভাগে এখনো ৭০ শতাংশ উপজাতি কোটা বহাল রয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক। একই সঙ্গে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ–বাণিজ্যের অভিযোগও তোলেন তারা। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদ ও কোটা বরাদ্দ স্পষ্ট না করাকেও তারা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করেন।

স্মারকলিপি প্রদানকালে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কোনো প্রজ্ঞাপনে নয়, তার নিজস্ব আইনে চলবে। পরিষদের আইনে যা উল্লেখ আছে, নিয়োগ-প্রক্রিয়ায় সেটাই অনুসরণ করা হবে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, স্মারকলিপি দিতে গেলে চেয়ারম্যান তাদের সঙ্গে উদ্ধত আচরণ করেন। এসময় রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধি কামাল উদ্দিন, নির্মল বড়ুয়া মিলন, শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
এর আগে বিক্ষোভ মিছিল কোর্ট বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে রাঙামাটি–চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছায়। মিছিলকারীরা জেলা পরিষদের নিয়োগে অনিয়ম ও অবৈধ কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


