রাঙামা‌টিতে হাসপাতালেই নার্সের আত্মহত্যা

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ডিউটি রুমে সীমা বড়ুয়া সাথী (৩৫) নামের এক স্টাফ নার্স গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে।

নিহত সীমা বড়ুয়া সাথী শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী। রাঙামা‌টি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে সীমা বড়ুয়া সাথী হাসপাতালে রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। শুক্রবার সকাল আটটায় ডিউটি শেষে পোশাক পরিবর্তনের জন্য নার্সদের চেঞ্জিং রুমে প্রবেশ করে তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে অপর নার্স সাধনা চাকমা রুমে যেতে চাইলে দরজা বন্ধ অবস্থায় পান। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর দরজার লক খুলে তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান—রুমের লাইট বন্ধ, আর জানালার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন সীমা বড়ুয়া সাথী।

NewsDetails_03

চিৎকারে অন্যান্য নার্স ও স্টাফরা ছুটে এলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রাঙামা‌টি কোতোয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দিন চৌধুরী (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামা‌টি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে।

রাঙামা‌টির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, সীমা বড়ুয়া সাথী ২০১৬ সালের শেষের দিকে স্টাফ নার্স হিসেবে চাকরিতে যোগদান করেন এবং ছিলেন অত্যন্ত শান্তশিষ্ট ও দায়িত্বশীল কর্মী।

নিহতের স্বামী সুমন বড়ুয়া জানান, সীমা বড়ুয়া সাথী কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার খাওয়ার অনিহা, শরীর ঝালা–পোড়া আর অস্থিরতা দেখা দিচ্ছিল। তাকে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার কথাও বলেছিলাম, জানান তিনি। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন