সাইবার সেলের তৎপরতায় ২৫ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

জানা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
অনুষ্ঠানে মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।



