৮ম বর্ষে পাহাড়বার্তা
পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা’র ৮ম বর্ষে পদার্পন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে বান্দরবানের হলিডে ইন রিসোর্টে এক আলোচনা সভার ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাহাড়বার্তা’র প্রধান প্রতিবেদক কৌশিক দাশ এর সঞ্চালনায় এবং পাহাড়বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এস বাসু দাশ এর সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, পাহাড়বার্তা’র বার্তা সম্পাদক সৈকত দাশ, প্রতিবেদক রাহুল বড়ুয়া ছোটন, রিজভী রাহাত, সুহৃদয় তঞ্চঙ্গ্যা’ সাংবাদিক ইয়াছিনুল হাকিম চৌধুরী’সহ অনেকে। এসময় অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পাহাড়বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এস বাসু দাশ।
আলোচনা সভায় পাহাড়বার্তা’র প্রতিবেদক সুহৃদয় তঞ্চঙ্গ্যা বলেন, আমার সাংবাদিকতা শুরু পাহাড়বার্তা থেকেই, যা কিছু শিখেছি তা পাহাড়বার্তা’র মাধ্যমে, আশা করছি আগামীতে আরো ভালো সংবাদ পরিবেশন করে পাহাড়বার্তা আরো এগিয়ে যাবে।
পাহাড়বার্তা’র প্রতিবেদক রাহুল বড়ুয়া ছোটন বলেন, পার্বত্য জেলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল হিসাবে পাহাড়বার্তা অবস্থান তৈরী করে নিয়েছে, আমাদের সেই অবস্থান ধরে রাখতে হবে, তাই ভালো ভালো সংবাদ প্রান্তিক এলাকা থেকে সংগ্রহ করে প্রকাশ করতে হবে।
পাহাড়বার্তা’র প্রতিবেদক রিজভী রাহাত বলেন, পাহাড়বার্তা নামটির জন্যই পাঠকের মনোযোগ আকর্ষণ করে। কারণ নাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিষ্ঠালগ্ন থেকে পাহাড়ের মানুষের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম-এ পাহাড়ের জীবন যাপন, বৈচিত্র, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পাহাড়বার্তা’র প্রধান প্রতিবেদক কৌশিক দাশ বলেন, সংবাদ প্রকাশে শতভাগ স্বচ্ছতা ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে আমাদের প্রত্যেক সংবাদকর্মী যেন প্রতিশ্রুতিবদ্ধ ও দায়িত্বশীল হয়। গতানুগতিক ধারা থেকে বের হয়ে পাহাড়বার্তা’র সবাই যাতে বিগত দিনের মতো আলোচিত সব সংবাদ পরিবেশন করে এই প্রত্যাশা করছি।
পাহাড়বার্তা’র বার্তা সম্পাদক সৈকত দাশ বলেন, পাহাড়বার্তা অনলাইন নিউজ পোর্টাল দিন দিন জনপ্রিয় হচ্ছে, তবে আমাদের সকলকে এই জনপ্রিয়তা ধরে রাখতে হবে, সংবাদ প্রকাশে আরো বৈচিত্রতা আনতে হবে।
এসময় নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এস বাসু দাশ বলেন, পাহাড়বার্তা ৭ বছর পেরিয়ে ৮ বর্ষে পর্দাপন করেছে, দীর্ঘ এই পথ চলায় বান্দরবানসহ অন্য দুই পার্বত্য জেলার অনেক দুর্নীতি, অনিয়ম, আলোচিত ও মানবিক সংবাদ প্রকাশ করে সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলো পাহাড়বার্তা। বিগত দিনের মতো আগামীতেও কোন দলের পক্ষে নয়, সাধারণ মানুষের পক্ষে থেকে পাহাড়বার্তা তার লেখনির মাধ্যমে কথা বলবে।
এই দীর্ঘ পথ চলায় পাহাড়বার্তা এর সকল জেলা ও উপজেলা প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের আরো ভালো সংবাদ প্রচারের জন্য আমাদের আরো পরিকল্পনা হাতে নেয়া হয়েছে এবং পাঠকদের চাহিদার ভিত্তিতে আমরা দ্রুত সময়ে পাহাড়ের বিভিন্ন সংবাদ আরো দ্রুততার সাথে প্রচারের চেষ্টা অব্যাহত রাখবো। এসময় তিনি পাহাড়বার্তার সাথে থাকা সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ আগস্ট বান্দরবান জেলা থেকে অনলাইন নিউজ পোর্টাল হিসাবে যাত্রা শুরু করে পাহাড়বার্তা।


