লামায় ৩ কোটি ৬০ লাখ টাকার আফিম সহ পাচারকারী আটক

বান্দরবানের লামা উপজেলা থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইয়াংছা ছোট পাড়া থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় পাচারের অভিযোগে হ্লামং মার্মা (৪৫) নামের এক যুবককে আটক করে র‌্যাব। আটক হ্লামং মার্মা ছোট পাড়ার বাসিন্দা মংচাই মার্মার ছেলে।

সূত্র জানায়,জেলার দূর্গম পাহাড়ি এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় বৃদ্ধিসহ মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরাই পথে আফিম সহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র‌্যাব-১৫ এর সদস্যরা উপজেলার ইয়াংছা ছোট পাড়ায় অভিযান চালায়। এ সময় আফিম পাচারের হ্লামং মার্মা কে আটক করেন। পরে হ্লামং মার্মার তথ্যের ভিত্তিতে তার নিজ ঘরের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত আফিমের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

NewsDetails_03

আটক হ্লামং মার্মা র‌্যাবকে জানায়, বান্দরবান জেলার গহীন পাহাড় বিশেষ করে সীমান্ত এলাকায় একটি সিন্ডিকেট রয়েছে, যারা এ আফিম চাষ করাসহ প্রক্রিয়াজাত করে থাকে। এরপর আফিমগুলো কক্সবাজার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক হ্লামং মার্মার বিরুদ্ধে রবিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন