আলীকদমে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে বিষু ও বিজু উৎসব পালিত

বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায় বিষু/বিজু উৎসব উদযাপন করেছে। এ উপলক্ষে তারা সর্বস্তরের মানুষকে ফুল বিজু (বৈসাবী) শুভেচ্ছা জানান।

আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টায় আলীকদম সেনা জোন সংলগ্ন মাতামুহুরী ব্রিজ এলাকায় বিষু-বিজু উৎসব উদযাপন কমিটির আয়োজনে এই ফুল ভাসানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবী উৎসবের সূচনা করেন। এই ফুল ভাসানোর মাধ্যমে তারা গঙ্গাদেবীর মঙ্গল কামনা করেন এবং বিগত বছরের সকল দুঃখ-কষ্ট, রোগ-বালাই ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানান।

NewsDetails_03

এ বিষয়ে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সকল প্রাণীর মঙ্গল হোক—এই প্রত্যাশায় তারা মাতামুহুরী নদীতে ফুল ভাসান। তাদের কাছে দিনটি আনন্দ, উৎসব ও ভালোবাসার এক বিশেষ মুহূর্ত।

তারা আরও জানান, তিন দিনব্যাপী বিজু উৎসবের এটি প্রথম দিন। আগামী দিনগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হবে। এর মধ্যে থাকবে ঐতিহ্যবাহী পোশাক পরিধান, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে এই উৎসবটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত—যেমন বিজু, বিংগু, বিষু, বৈসু, চাংক্রান ও সাংগ্রাই। তবে নাম ভিন্ন হলেও উৎসবের মূল ভাবনা এক—পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়া।

আলীকদম ভারত মোহন পাড়া উৎসব কমিটির আহ্বায়ক দিপু তংচঙ্গ্যা জানান, গঙ্গা মায়ের উদ্দেশ্যে বিগত বছরের দুঃখ-কষ্ট ভুলে এবং বিশ্ব শান্তি কামনায় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আমাদের বিঝু উৎসবের সূচনা হয়েছে।

আরও পড়ুন