স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তির আহ্বান

বান্দরবানে কর্মশালা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বান্দরবানে উপজেলা পর্যায়ে স্থানীয় সহনশীলতা পরিকল্পনা (LRP) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রামে স্থানীয় নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (CORLIA)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, অগ্রাধিকারভিত্তিক অভিযোজন কার্যক্রম, চাহিদা ও ঘাটতিসমূহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি দপ্তর ও অন্যান্য অংশীজনের কাছে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানি ও যোগাযোগ ব্যবস্থায় নানা ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি এলআরপির অগ্রাধিকারগুলো উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি।

এ সময় নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল কমিটির প্রতিনিধি, পাড়া পর্যায়ের ইয়ুথ গ্রুপের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ইআরআরডি-সিএইচটি প্রকল্পের করলিয়া কম্পোনেন্টের জেলা কর্মকর্তা শহীদ নেওয়াজ নিশানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন